আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল?
• উত্তর : আর্যদের আদি বাসভূমি নিয়ে বহু তর্ক বিতর্ক দেখা দেয়। এ বিষয়ে পণ্ডিত ও ঐতিহাসিকদের মতামতকে দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। পণ্ডিত গঙ্গানাথ প্রমুখ ভারততত্ত্ববিদদের ধারণা হল ভারতবর্ষই ছিল আর্যদের আদি বাসভূমি। এখান থেকে তারা ভারতের বাইরে পারস্য ও ইওরোপে ছড়িয়ে পড়ে। কিন্তু এই মত অধিকাংশ পন্ডিতই স্বীকার করেন না। অধিকাংশ ভারততত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদদের ধারণা হল আর্যরা বাইরে থেকে ভারতে আসে। অধ্যাপক গাইলস মনে করেন আর্যরা প্রথমে দক্ষিণ-পূর্ব ইউরোপ বা বলকান অঞ্চলে বসবাস করতো। এখান থেকে তারা অন্যত্র ছড়িয়ে যায়। সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হল রাশিয়ার দক্ষিণে কিরঘিজ অঞ্চলের স্তেপভূমিতে আর্যদের আদি বাসভূমি ছিল। এখান থেকে তারা দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। একটি শাখা ইউরোপের দিকে চলে যায় এবং অন্য শাখাটি ক্রমে পারস্য হয়ে ভারতে প্রবেশ করে। প্রাচীন ইরানীয় ভাষার সঙ্গে বৈদিক ভাষার সাদৃশ্য থেকে স্পষ্টই বোঝা যায় তারা একটি সূত্র থেকে এসেছিল। সাম্প্রতিককালে এস. আর. রাও, এন. এস. রাজারাম, ডেভিড ফ্রলে প্রমুখ ভারততত্ত্ববিদগণ অবশ্য মনে করেন আর্যরা ছিলেন ভারতীয়। এঁদের বক্তব্য হল আর্যদের কোনমতেই বহিরাগত বলা চলে না এবং সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতা ছিল একই সভ্যতার দুটি স্তর মাত্র, এই জন্য প্রাচীনতম ভারতীয় সভ্যতাকে “সিন্ধু-সরস্বতী সভ্যতা” নামে অভিহিত করা হয়েছে।

0 Comments