ক্ষমতা বা শক্তির (Power) সংজ্ঞা দাও। ক্ষমতার প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর:
শক্তি বা ক্ষমতার সংজ্ঞা:
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার (Power) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক রাজনীতির মুখ্য উপাদান হল শক্তি। সাধারণভাবে শক্তি বা ক্ষমতা বলতে কোনো কিছু করার সামর্থ্যকে বোঝায়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তা অন্য অর্থে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ হ্যানস. জে. মরগেনথাউ তাঁর Politics Among Nations গ্রন্থে শক্তি বা ক্ষমতার সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন, শক্তি বা ক্ষমতা বলতে অন্যের মন ও কাজের ওপর নিয়ন্ত্রণকে বোঝায়। তাঁর মতে, এক জাতির মন ও কাজের ওপর অন্য জাতির ক্ষমতা বা শক্তি প্রয়োগ হল জাতীয় শক্তি (National power)।
শক্তি বা ক্ষমতার প্রকৃতি :
আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ কৌলম্বিস এবং উলফ তাঁদের An Introduction to International Relations গ্রন্থে এই অভিমত প্রকাশ করেছেন যে, অর্থনীতিতে সম্পদের যেমন গুরুত্ব রাজনীতিতে ক্ষমতা বা শক্তির সেইরূপ গুরুত্ব। অবশ্য শক্তি ও বলপ্রয়োগ সমার্থক নয়। বলপ্রয়োগ বলতে কোনো জাতির সামরিক সামর্থ্যকে বোঝানো হয়। কিন্তু শক্তি বা ক্ষমতা আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। শক্তির সঙ্গে শুধুমাত্র বলপ্রয়োগের মতো নেতিবাচক ধারণা জড়িত থাকে না, অনেক ইতিবাচক ধারণাও যুক্ত থাকে। যেমন, আলাপ-আলোচনার মাধ্যমে অথবা অর্থনৈতিক সাহায্য ও উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতামূলক কাজকর্মের মাধ্যমে নিজের বক্তব্যের অনুকূলে অন্যকে নিয়ে আসা ইত্যাদি। অনেকে শক্তি ও প্রভাবকে সমার্থক মনে করেছেন, কিন্তু প্রভাব ও শক্তি সমার্থক নয়। কৌলম্বিস এবং উলফের মতে, শক্তি বা ক্ষমতা হল প্রভাব ও বলপ্রয়োগের মধ্যবর্তী একটি ধারণা। শক্তি বা ক্ষমতার সঙ্গে সামর্থ্যের
বিষয়টিও জড়িত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার ধারণার সঙ্গে দুটি অনুমান যুক্ত রয়েছে। সেগুলি হল
(D) ক্ষমতা বা শক্তি বলতে যুদ্ধ করার ক্ষমতা বা সামরিক সামর্থ্যকে বোঝায়। শক্তি বা ক্ষমতাকে পরিমাপ করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে, আধুনিক পারমাণবিক যুগে এই দুটি অনুমান অচল। অরগানস্কি প্রমুখের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে বহু বোধগম্যহীন উপাদান ক্ষমতার সঙ্গে জড়িত থাকায় এর পরিমাপ করা কষ্টসাধ্য। তা ছাড়া
বিভিন্ন দেশের সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সামরিক ক্ষমতার গুরুত্ব থাকলেও অসামরিক উপাদানের গুরুত্বও কম নয়। বিশ্বরাজনীতিতে শক্তি বা ক্ষমতার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতাকে কেন্দ্র করেই বিশ্বরাজনীতি আবর্তিত হয়।
আর এই ক্ষমতার মাপকাঠিতেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে অতিবৃহৎ, বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র শক্তি ইত্যাদি স্তরে বিন্যস্ত করা হয়।

0 Comments