কংগ্রেস সমাজতন্ত্রী দল কিভাবে সৃষ্টি হয়?
উত্তর : ১৯৩০ খ্রীষ্টাব্দের পর ভারতের জাতীয় রাজনীতিতে বামপন্থী প্রবণতা দেখা যায়। সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখ নবীন নেতারা জাতীয় আন্দোলনের মধ্যে সংগ্রামী চেতনা বৃদ্ধি করতে চেয়েছিলেন। তাঁরা শুধুমাত্র রাজনৈতিক মুক্তিকে অর্থাৎ বিদেশী শাসনের অবসান ঘটানো চরম লক্ষ্য বলে মনে করেননি, একই সঙ্গে তাঁরা সামাজিক ও অর্থনৈতিক শোষণের অবসান ঘটানো প্রয়োজনীয় কর্তব্য বলে মনে করেছিলেন। এইজন্য তাঁরা জাতীয় আন্দোলনের পরিধি ব্যাপকতর করতে চেয়েছিলেন এবং কংগ্রেসের রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি জঙ্গী শ্রমিক ও কৃষক আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হন। শুধুমাত্র নেহরু ও সুভাষচন্দ্রই নয়, কংগ্রেসের মধ্যে একটি বামপন্থী মনোভাবাপন্ন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। ১৯৩৪ খ্রীষ্টাব্দের মে মাসে আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, অচ্যুত পটবর্ধন, ইউসুফ মেহের আলি প্রমুখ নেতারা কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন। এই দলের মুখ্য উদ্দেশ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা। নেহরু কংগ্রেস সমাজতন্ত্রী নেতাদের প্রতি সহানুভূতিসম্পন্ন ছিলেন এবং ১৯৩৬ খ্রীষ্টাব্দে গঠিত কংগ্রেস কার্যনির্বাহক সমিতি-তে তিনজন সমাজতন্ত্রী নেতাকে অন্তর্ভুক্ত করেন। কংগ্রেস সমাজতন্ত্রী দল জঙ্গী কৃষক আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা নেয়। বিহার, উত্তর প্রদেশ, অস্ত্র ও কেরালায় কংগ্রেস সমাজতন্ত্রীদলের প্রভাব বিশেষ বৃদ্ধি পায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পি. সুন্দররাইয়া, ই. এম. এস. নাথুদ্রিপাদ প্রমুখ নেতারা কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন। কালক্রমে এঁরা কমিউনিস্ট দলে যোগ দেন।

0 Comments