মহারানীর ঘোষণাপত্র কি?
উত্তর : ১৮৫৭ খ্রীষ্টাব্দের মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। কিন্তু এই বিদ্রোহের আঘাতে ব্রিটিশ কর্তৃপক্ষ বুঝতে পারলেন যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত একটি বাণিজ্যিক সংস্থার হাতে ভারতের বহাল রাখা সমীচীন নয়। ব্রিটিশ সংসদ তাই আইন প্রণয়ন করে ভারতের শাসনভার সরাসরি ব্রিটেনের মহারানীর হাতে ন্যস্ত করল। এর পর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র জারি করে (১লা নভেম্বর, ১৮৫৮) আনুষ্ঠানিকভাবে ভারত সাম্রাজ্যের শাসনভার অধিগ্রহণ করেন। এই ঘোষণাপত্র অনুযায়ী ভারতের গভর্নর-জেনারেল পদের সঙ্গে ‘ভাইসরয়’বা ‘রাজ প্রতিনিধি'অভিধা সংযোজিত হল। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় পদে অধিষ্ঠিত হলেন। এছাড়া ভিক্টোরিয়া তাঁর ঘোষণাপত্রে ভারতবাসীর আনুগত্য লাভের জন্য কিছু আশ্বাসবাণী তুলে ধরেন। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে ভারতে ইংরেজরা এখন রাজ্য বিস্তারে সংশ্লিষ্ট হবে না। চিরাচরিত সামাজিক ও ধর্মীয় আচার আচরণেও হস্তক্ষেপ করবে না। এছাড়া জাতিধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভারতবাসী যোগ্যতার মাপকাঠিতে সরকারি চাকুরিতে নিয়োগের সুযোগ পাবে। তাছাড়া স্বত্ববিলোপ নীতি বাতিল করা হল ও দেশীয় রাজ্যগুলির সঙ্গে ইতিপূর্বে সম্পাদিত চুক্তিগুলি বহাল রইল।

0 Comments