অধিবর্ষ বা লিপ ইয়ার কি ও কেন হিসাব করা হয়?
উত্তর : পৃথিবীর একবার সূর্য পরিক্রমায় সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘন্টা। কিন্তু আমরা ৩৬৫ দিনে এক বছর ধরি। এতে প্রতি বছর ৬ ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এইজন্য প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারী মাসে ১ দিন বাড়িয়ে (৪ বছর x ৬ ঘণ্টা = ২৪ ঘণ্টা বা ১ দিন) সময়ের সমতা বজায় রাখা হয়। এইভাবে যে বছর ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ১ দিন বাড়িয়ে(২৮ + ১ = ২৯ দিন করে) বছরটিকে ৩৬৬ দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বা লিপ-ইয়ার বলা হয়। সাধারণভাবে খ্রীষ্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোন ভাগশেষ না থাকে তবে ঐসব বছরকে অধিবর্ষ বা লিপ-ইয়ার বলা হয়। এই হিসেবে ১৯৯৬ সালটি একটি লিপ-ইয়ার, কেননা এটি ৪ দিয়ে বিভাজ্য।
## তবে কোনাে বছরের শেষে যদি দুটি শূন্য থাকে—অর্থাৎ শতাব্দীর বছরগুলাকে ৪০০ দিয়ে ভাগ করতে হয়। যেসব শতাব্দী-বছরকে ৪০০ দিয়ে ভাগ করলে কোনাে ভাগশেষ থাকে না, শুধুমাত্র সেইসব শতাব্দী-বছরগুলাে লিপ-ইয়ার হবে। এই হিসেবে ১৬০০, ২০০০ প্রভৃতি শতাব্দী বছরগুলােকে লিপ-ইয়ার বলা যাবে কারণ ৪০০ দিয়ে ভাগ করলে এদের কোনাে ভাগশেষ থাকে না। কিন্তু ১৭০০, ১৮০০, ১৯০০ অথবা ২১০০ শতাব্দী বছরগুলােকে লিপ-ইয়ার বলা যাবে না কারণ ৪০০ দিয়ে এদের প্রত্যেকটিকে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে।

0 Comments